মংলায় ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধ এখন তুঙ্গে। আসন্ন সম্মেলন ও কমিটি গঠনকে ঘিরে পরস্পর বিরোধী দু’টি গ্রুপ একে অন্যকে ঘায়েল করার অপচেস্টায় লিপ্ত বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে জব্দ করার জন্য চালানো হচ্ছে নানা প্রচার। এসব কারণে বাড়ছে সংঘাত ও সহিংসতার আশংকা।
জানা গেছে, ২০০৩ সালে মংলা ছাত্রদলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিগত তত্বাবধায়ক ও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ক্ষমতাসীনদের দাপটে কোনঠাসা হয়ে পড়ে স্থানীয় ছাত্রদল। এ ছাড়া নানা ইস্যুতে বিরোধের কারণে ভেঙ্গে পড়ে চেইন অব কমান্ড। এমনকি এর ফলে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম স্থিমিত হয়ে যায়। নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দলীয় কর্মসূচিতেও তারা এতদিন ঠিকমত অংশ নেয়নি। সমপ্রতি মেয়াদ উত্তীর্ন কমিটি বাতিল ও নতুন কমিটির জন্য দলটির নীতিনির্ধারক মহল থেকে নির্দেশ আসার পর মংলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব বিরাজ করছে। আগামী ১৩ জানুয়ারির মধ্যে নতুন কমিটি ও সম্মেলন সম্পন্ন করার নির্দেশ রয়েছে দলীয় হাইকমান্ডের । এদিকে দীর্ঘ ৯ বছর পর নতুন কমিটি ও সম্মেলন ঘিরে ছড়িয়ে পড়েছে উত্তাপ ও উত্তেজনা। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কেক কাটা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। ৩ জানুয়ারী শহরের সিঙ্গাপুর মার্কেটে বেল্লাল নামে এক যুবক প্রহূত হওয়ার ঘটনাকে পুঁজি করে একপক্ষ প্রতিদ্বন্দি গ্রুপকে ঘায়েল করতে মরিয়া বলে অভিযোগ উঠেছে।
তবে ছাত্রদলের এ সম্মেলনকে কেন্দ্র করে চারটি গ্রুপ প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়লেও সাধারণ কর্মি সমর্থকদের মাঝে উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্মেলনকে ঘিরে সম্ভাব্য পদ প্রার্থীরা একে অপরের খোঁজ-খবর নিচ্ছে।
