জুবায়ের হত্যার বিচার দাবি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:৪১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে বৃহস্পতিবার সন্ত্রাস প্রতিরোধ দিবস পালন করেছেন নির্যাতন ও নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ। এ উপলক্ষে শহীদ মিনারে এক সমাবেশ করেন তারা। গত বছরের ৯ জানুয়ারি জুবায়ের আহমেদ ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের হামলায় নিহত হন। এক বছরেও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি। জুবায়ের হত্যাকাণ্ডের বিচারসহ বিশ্ববিদ্যালয়ের সর্বত্র সন্ত্রাস, নিপীড়ন নির্যাতনের প্রতিরোধে প্রতিবছর ৯ জানুয়ারিকে সন্ত্রাস প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ উদ্দীন প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, বিচার প্রক্রিয়া চলছে। প্রশাসন সর্বাত্মকভাবে জুবায়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।