নিউইয়র্কে নাফিসের মামলার শুনানি শুরু

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১২
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে আটক বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের মামলার শুনানি শুরু হয়েছে বুধবার। ব্রুকলিনের ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে স্থানীয় সময় বুধবার সকালে কাজি নাফিসকে হাজির করা হয়। সে সময় তাকে বিমর্ষ দেখাচ্ছিল। কাজী নাফিসের বিরুদ্ধে ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে। তার বিচার কীভাবে চলবে সে বিষয়ে আদালতে নাফিসের পক্ষে ফেডারেল সরকারের নিযুক্ত অ্যাটর্নি হেইডি সিজার ও সরকার পক্ষের কৌঁসুলি জেমস লুনাম আলোচনা করেন। এরপর আদালতের চিফ জজ ১৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করেন। আদালতে সরকারি কৌঁসুলি জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই বাংলাদেশে অবস্থানকালে তিনি যুক্তরাষ্ট্র বিরোধী জিহাদি তত্পরতায় প্ররোচিত হয়েছিলেন। মামলার আলামত হিসেবে তারা আল কায়েদা নেতা আনোয়ার আল আওলাকি যাকে ২০১১ সালে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান হামলায় হত্যা করা হয়েছে, তার অডিও ক্যাসেট তারা নাফিসের কাছ থেকে সংগ্রহ করেছেন বলে আদালতে তুলে ধরেন এবং তাকে আল কায়েদার একজন সক্রিয় সদস্য হিসেবে প্রমাণের চেষ্টা চালান। নাফিসের আইনজীবী জোর দিয়ে বলেন, তিনি নির্দোষ এবং তার মক্কেলকে ফাঁসানো হয়েছে। নাফিস আগেই আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। নাফিসের জামিনের আবেদন নাকচ করে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদির এবং তার প্রতিনিধি কনস্যুলার অফিসার মুহাম্মদ শামসুল হক উপস্থিত ছিলেন। গত বছরের জানুয়ারি মাসে ছাত্র ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যান নাফিস। তাকে গত অক্টোবর মাসে গ্রেফতার করে এফবিআই।