বাংলাদেশ-ভারত সীমান্তে সমপ্রতি বিএসএফে’র গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ভারত আনুষ্ঠানিভাবে দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ শরণের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ তার দফতরে দেখা করে দুঃখ প্রকাশের কথা জানান। ভারত সরকার এ বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে হাইকমিশনার তাকে জানিয়েছেন। তদন্ত শেষে ভারত সরকার সংশ্লিষ্টদের বিষয়ে পদক্ষেপ নেবে। তাদের সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকারও পদক্ষেপ নেবে।
বিএসএফে’র গুলি ছোঁড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মহীউদ্দীন খান আলমগীর বলেন, দুই দেশের মধ্যে সীমান্তে আত্মরক্ষা ছাড়া গুলি না ছোঁড়ার সিদ্ধান্ত রয়েছে। বাংলাদেশ এ সিদ্ধান্ত মেনে চললেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তা মানছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের এ ধরনের তত্পরতা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এতে উদ্বিগ্ন। এ বিষয়ে পদক্ষেপ নিতে ভারতীয় হাইকমিশনারকে আমরা বলেছি। তিনি এ ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
