সরকারি দলের অভদ্রতার কারণে আমরা সংসদে যাই না :মওদুদ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৫
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারি দলই সংসদের পরিবেশ ‘নষ্ট’ করেছে। বিএনপি সংসদে গেলেই তারা ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য রেখে উত্ত্যক্ত করার কৌশল নেয়। সরকারি দল চায় না বিরোধী দল সংসদে থাকুক। তাদের হীনমন্যতা ও অভদ্রতার কারণেই আমরা সংসদে যাই না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ডেমোক্রেটিক মুভমেন্ট’ আয়োজিত ‘পাঠ্যপুস্তক থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী তুলে দেয়া ও ঐতিহাসিক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মওদুদ আহমদ বলেন, সরকারি দলের নেতারা বলছেন, আসন্ন শীতকালীন অধিবেশনে বিরোধী দলের সংসদে যাওয়ার শেষ সুযোগ। এটা ঠিক নয়। সংসদে যোগ দেব আমাদের নিজস্ব প্রয়োজনে ও জনগণের স্বার্থে। আমরা সংসদে যাওয়ার চিন্তা-ভাবনা করছি। তিনি বলেন, পঞ্চম ও অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ভাসানীর জীবনী তুলে দিয়ে সরকার হীনমন্যতার পরিচয় দিয়েছে। এর মাধ্যমে তারা জাতিকে অপমান করেছে। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করা হবে। সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, সাবেক এমপি আবুল কালাম আজাদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি প্রমুখ।