নৌ ধর্মঘট প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সেই সাথে এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে ফলপ্রসূ আলোচনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানায় এফবিসিসিআই।
বিতৃতিতে বলা হয়, বিদ্যমান নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে নৌ-পথে শিল্পের মালামাল পরিবহন অচল হয়ে পড়েছে। এ অবস্থায় সময়মতো পণ্য পরিবহন না হওয়ায় দ্রব্যমূল্যের উপর এর বিরূপ প্রভাব পড়ছে। তাছাড়া শিল্পের কাঁচামাল পরিবহন না হওয়ায় উত্পাদন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ অবস্থার উন্নতি না হলে জনগণের দুর্ভোগ বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করবে। বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, যে সব শিল্পমালিকের নিজস্ব নৌ-পরিবহন ব্যবস্থা রয়েছে, সে সব নৌ-পরিবহনও চলতে দেয়া হচ্ছে না। অন্যদিকে বিশ্ব ইজতেমাগামী হাজার হাজার মুসল্লিও বিপাকে পড়েছেন। এ অবস্থায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনা জরুরি।
