ভুরুঙ্গামারী সোনালী ব্যাংকে ৬০ লক্ষ টাকা ঋণ জালিয়াতি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:১৮
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সোনালী ব্যাংক শাখায় প্রায় ৬০ লাখ টাকার ঋণ জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ায় ব্যাংক ম্যানেজারকে গতকাল বুধবার স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জানা গেছে, সোনালী ব্যাংকের ভুরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক নুরুজ্জামান মিয়ার যোগসাজশে তিন মাঠকর্মী বিভিন্ন নামে একাধিক প্রকল্পে ঋণ দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাত্ করে। এ ব্যাপারে ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণ হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। আন্ধারীঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছফুরা খাতুন জানান, সোনালী ব্যাংক শাখায় তার হিসাব নং ৩৪০১২৪৪৪। তার স্বাক্ষর জাল করে ৩০ হাজার টাকা ঋণ উত্তোলন করা হয়েছে। তিনি বেতন তুলতে এলে তার বেতন থেকে ২ হাজার টাকা কর্তন করলে তিনি ঋণ উত্তোলনের কথা জানতে পারেন। বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিজওয়ানুল হাসান জানান,তার হিসাব নং ৩৪০১৫৪১৪। তারও নামে ৩০ হাজার টাকা ঋণ উত্তোলন দেখানো হয়েছে। বেতন তুলতে এলে ২ হাজার কর্তন করলে তিনি ঘটনা জানতে পারেন। অভিযান প্রকাশ, এভাবে ঋণ সুপারভাইজার আশেক আলী, নুর মোহাম্মদ ও তহিদুল ইসলাম ব্যাংক ব্যবস্থাপকের যোগসাজশে শতাধিক ব্যক্তির নামে (একাধিক প্রকল্পে ঋণ) প্রায় ৬০ লক্ষ টাকা ভুয়া ঋণ দেখিয়ে তা আত্মসাত্ করেন। এ ব্যাপারে প্রথম পর্যায়ে ব্যাংক ব্যবস্থাপকের নিকট ভুক্তভোগীরা অভিযোগ করলে প্রায় ১২ লক্ষ টাকা পরিশোধ করা হয় এবং সুপার ভাইজার আশেক আলীকে অন্যত্র বদলী করে ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করা হয়। কিন্তু পরবর্তীতে অন্য অভিযোগকারীরা ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করলে কর্তৃপক্ষের টনক নড়ে এবং তদন্ত কমিটি গঠন করে। সোনালী ব্যাংক কুড়িগ্রাম জোনের ডিজিএম জাওয়াদুল করিম জানান,আমাদের নিকট এ ব্যাপারে যে সব অভিযোগ এসেছে এবং আসছে সে ব্যাপারে আমরা তদন্ত করছি এবং অতিশীঘ্রই ঋণের টাকা রিকভারী হয়ে যাবে বলে আশা করছি। ব্যাংক ম্যানেজারের বদলীর কথা তিনি স্বীকার করেছেন।