আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:২২
আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও টেকপাড়া গ্রামে এই ডাকাতির ঘটনাগুলো ঘটে। ডাকাতের হামলায় নাজমুল নামের গুরুতর আহত একজনকে ঢাকা প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত পোনে ১টার সময় নোয়াগাঁও গ্রামের ব্যবসায়ী ছানাউল্লাহর বাড়িতে হামলা চালিয়ে নগদ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ১০টি মোবাইল ও কাপড়-চোপড়সহ ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদল যাবার সময় তার পার্শ্ববর্তী টেকপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের দরজা ভেঙ্গে ঢুকে নগদ ১ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও অন্য মালামালসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। পরে ডাকাতদল একই গ্রামের ব্যবসায়ী ডা. সায়েকের বাড়িতে হামলা চালায়। ডাকতদল অস্ত্রের মুখে জিম্মি করে ২০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকারসহ ২ লাখ টাকার মালামাল লুটে নেয়। এসময় ডাকাতের হামলায় নাজমুল আহত হয়। অপরদিকে উপজেলার মরদাসাদী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে থানা-পুলিশের একটিদল ডাকাতদের ধাওয়া দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের দায়িত্বে থাকা এস আই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে।