দুই দেশের বাংলা ছবির আদান-প্রদান প্রসঙ্গে এক আলোচনায় গতকাল শুক্রবার ঢাকা ঘুরে গেলেন কলকাতার দুই জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত্ ও জিত্। ভারতীয় চলচ্চিত্র আমদানী ও প্রদর্শনীর ক্ষেত্রে একসময় সিনেমা কলাকুশলীরা দুই পক্ষে অবস্থান করলেও সম্প্রতি দুই দেশের সিনেমা প্রদর্শন নিয়ে কলকাতায় একবার ও ঢাকায় গতকাল আলোচনা অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বাংলাদেশের কয়েকজন প্রযোজক এই আলোচনায় অংশ নেন। দুই দেশের প্রযোজনা সংস্থার একাধিক চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এই আলোচনায় বক্তব্য প্রদান করেন।
প্রসেনজিত্ বলেন, ‘ঢাকায় এর আগে একাধিকবার এসেছি। তবে এবারের আসাটা একেবারে ভিন্ন। এই সময়ে বাংলা ভাষার এই দুটি স্থানের সাংস্কৃতিক বন্ধন আরো জোরদার হওয়া উচিত। তাতে শুধু দুটি দেশ নয় বাংলা চলচ্চিত্রের উন্নয়ন হবে।’
জিত্ বলেন, ‘বাংলাদেশে এটি আমার এক অর্থে প্রথম আসা। একসাথে দুদেশের ছবির আদান-প্রদান হলে আমি মনে করি বাংলা চলচ্চিত্রকে আমরা আরো বড় জায়গায় নিয়ে যেতে পারবো।’
অনুষ্ঠানে অংশ নেয়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন বলেন, ‘এর আগে ভারতীয় ছবি এদেশে প্রদর্শনের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। তবে আজকের আলোচনায় আমার আংশিক আপত্তি আছে। তা হলো, কোনভাবেই এই প্রক্রিয়ায় যদি হিন্দি ছবির আমদানী শুরু হয় তবে তা আমরা হতে দেবো না। তবে দুই বাংলার বাংলা ভাষার চলচ্চিত্র আদান-প্রদান হলে সেখানে আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি।’
এছাড়া আলোচনায় অংশ নেন কলকাতার প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।
