দুই বাংলার প্রবাদপ্রতিম তিন সাহিত্যিককে শ্রদ্ধা জানাতে ৩৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে আসতে পারেন নোবেল জয়ী দুই বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং মুহম্মদ ইউনূস। ২৬ জানুয়ারি মিলনমেলা প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আনিসুজ্জামান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত।
এবার কলকাতা বইমেলার থিম বাংলাদেশ। চলবে ১৪ দিন ধরে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সদ্য প্রয়াত তিন সাহিত্যিক হুমায়ুন আহমেদ, সুনীল গাঙ্গুলি এবং সৈয়দ মুস্তাফা সরাজ স্মরণে আয়োজন করা হয়েছে আলোচনাচক্র। বইমেলা আয়োজক কমিটি, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘কলকাতা লিটারারি মিট’-এর পক্ষ থেকে দুই বাংলার গর্ব নোবেল জয়ী দুই বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং মুহম্মদ ইউনূসকে এ স্মরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি তাদের সম্মতি পাবো।কলকাতা মেলা তাদের উপস্থিতিতে সমৃদ্ধ হবে। পাশাপাশি আসবেন বিভিন্ন দেশের আরো কয়েকজন নোবেল জয়ী সাহিত্যিক।
থিম প্যাভিলিয়ন গড়া হচ্ছে বাংলাদেশ সংসদ ভবনের আদলে। বাংলাদেশের সরকারি, বেসরকারি ৩৪টি প্রকাশনা সংস্থা আসছে কলকাতায়। হুমায়ূন আহমেদ স্মরণে হচ্ছে আলোচনাচক্র। কলকাতায় বাংলাদেশের বইয়ের বাজার কিভাবে আরো বাড়ানো যায়? কলকাতার পাঠকদের চাহিদা কি? এনিয়েও একটি আলোচনাচক্রের আয়োজন করছে বাংলাদেশ উপদূতাবাস। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের প্রথম সচিব (প্রেস) কাজি মুস্তাক জহির জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারি মেলার সমাপ্তি দিবসে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। তার আগে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন অর্থমন্ত্রী। মেলার বিভিন্ন দিনে আসবেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, বুদ্ধিজীবীরা।
