পাক-ভারত সীমান্তে পাল্টাপাল্টি গুলি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
পাকিস্তান ও ভারত সীমান্তে গতকাল শুক্রবার দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আবার পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তান সেনাবাহিনী ভারতের জম্মু ও কাশ্মীরের কৃষ্ণ ঘাঁটি এবং সোনা গলি সেক্টরের ৮টি পয়েন্টে গুলি চালায়। এরপর ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। বিকাল সাড়ে ৪ টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে এ্যান্টনি বলেছেন, সীমান্তে পাকিস্তানের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে ভারত। তিনি দেশের স্বার্থে সবকিছু করা হবে উল্লেখ করে বলেন, জম্মু এবং কাশ্মীরে যুদ্ধবিরতির লঙ্ঘন গভীর উদ্বেগের। এদিকে পাকিস্তানের এক সৈন্য ভারতীয় বাহিনীর হাতে নিহত হওয়ার ঘটনায় গতকাল পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এ্যান্টনি বলেন, ভারতের সামরিক অভিযানের মহাপরিচালককে পাকিস্তানের বাহিনীর সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। তাদের আলোচনা থেকে আসা ফলাফলের জন্য অপেক্ষা করছে সরকার। তিনি বলেন, দেশ ও সেনাবাহিনীর মর্যাদা রক্ষায় সরকার সবকিছু করবে। সীমান্তে ভারতের সেনাবাহিনীর হাতে পাকিস্তানের এক সৈন্য নিহত হওয়ায় গতকাল দেশটিতে নিযুক্ত ভারতের হাইকমিশনার শরত শবরওয়ালকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব জলিল আব্বাস জিলানি দেশটির এক সৈন্য নিহত হওয়ার প্রতিবাদ জানান। গত ৬ জানুয়ারি পাকিস্তান-ভারত সীমান্তে পাকিস্তানি এক সৈন্য নিহত হলে পরের দিন ভারতের ডেপুটি হাইকমিশনার গোপাল বাহগলেকে ডেকে প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান। এরপর মঙ্গলবার ভারতের দুই সৈন্য মারা যায়। গত বৃহস্পতিবার পাকিস্তানের আরেক সৈন্য নিহত হয়।