শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১৭ দফা দাবি আদায় না হলে চট্টগ্রামসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আজ শনিবার থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ। ১৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সব বেসরকারি স্কুল ও কলেজে লাগাতার ধর্মঘট চলবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন। গতকাল শুক্রবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা এ ঘোষণা দেন।
শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম শাখার আহবায়ক সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা সভাপতি অধ্যাপক এসএম ইকবাল, সাধারণ সম্পাদক উত্তম চৌধুরী এবং বাংলাদেশ শিক্ষক সমিতির সম্পাদক লকিয়ত উল্লাহসহ অন্যান্য শিক্ষক নেতা সমাবেশে বক্তব্য দেন।
