ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ৪০ কিলোমিটার জুড়ে শুক্রবার সকাল থেকে দিনভর যানজটে যাত্রীদের চরম দুর্ভোগ দেখা দেয়।
শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লার ময়নামতি থেকে সমস্ত চান্দিনা উপজেলার অংশসহ দাউদকান্দি উপজেলার রায়পুর পর্যন্ত ৪০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট থাকে।
যানজটে আটকে পড়ে যানবাহনকে একই স্থানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। অপেক্ষমাণ যাত্রীদের খাওয়া-দাওয়া, প্রাকৃতিক ডাকসহ নানা সমস্যায় নাকাল অবস্থা দেখা যায়।
কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের যাত্রী গনেশ চন্দ দে জানান, আমি সকাল ১১টায় কুমিল্লার শাসনগাছা থেকে বাসে উঠি। এখন দুপুর ২টা বাজে এখনও চান্দিনা অতিক্রম করতে পারিনি। কখন ঢাকা পৌঁছবো বলতে পারছি না।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ৬টায় মহাসড়কের চান্দিনা উপজেলাধীন ছয়ঘড়িয়া এলাকায় একটি মালবাহী ট্রাক সড়কের উপর উল্টে গেলে যানজটের সূত্রপাত হয়। সকাল ৯টায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হলেও অন্যান্য দিনের তুলনায় শুক্রবার যানবাহনের তীব্র চাপ থাকায় এবং চালকদের প্রতিযোগিতামূলক মনোভাবে যানজট তীব্র আকার ধারণ করেছে। তবে হাইওয়ে পুলিশের সদস্যরা সকাল থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যার আগেই যানজট কমে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন ওই পুলিশ কর্মকর্তা।
