কক্সবাজারের চকরিয়ায় সরকারি নীতিমালা ভঙ্গের অভিযোগে উপজেলার ৫ সার ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ জানানো হয়েছে। একাধিক ইউপি চেয়ারম্যানের লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা সার বীজ মনিটরিং কমিটি অভিযুক্ত ওই সার ডিলার সমূহের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে এ সুপারিশ পাঠিয়েছে। লক্ষ্যারচর ইউনিয়নের সার ডিলার মের্সাস এ আর এন্টারপ্রাইজ, পূর্ববড় ভেওলার সার ডিলার মের্সাস সরওয়ার এন্ড সন্স, ফাসিয়াখালী ইউনিয়নের মের্সাস আবুল হাশেম, ঢেমুশিয়া ইউনিয়নের সার ডিলার মের্সাস আলমগীর এন্ড সন্স ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের সার ডিলার মের্সাস আবু তাহেরের বিরুদ্ধে এ সুপারিশ করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন বলেন, উপজেলার ৫ সার ডিলার পরপর দুইবার সার উত্তোলন করেনি। যার ফলে তারা নীতিমালা ভঙ্গের অপরাধে অভিযুক্ত হয়েছেন। তিনি বলেন, এছাড়াও তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা লিখিত অভিযোগ দিয়েছেন নানা অনিয়মের। তাই এগুলো তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে এসব ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলা কমিটির কাছে সুপারিশ জানানো হয়েছে।
