কক্সবাজারের সমুদ্র তীরবর্তী ইনানীতে ১০ একর জমির উপর গড়ে উঠছে দেশের সর্ববৃহত্ পাঁচ তারকা মানের একটি হোটেল। ‘সী-পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড’ নামের এই হোটেলটির নির্মাণ কাজ গতকাল শনিবার বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী কর্ণেল (অব:) ফারুক খান পরিদর্শন করেন। নির্মাণাধীন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীম জানান, হোটেলটি হবে দেশের প্রথম পরিবেশবান্ধব পাঁচ তারকা হোটেল বা গ্রীন কটেজ। তিনি জানান, হোটেলের কোন বর্জ্য সাগরে ফেলা হবে না। রিসাইক্লিং বা নবায়ন করে পুনরায় ব্যবহার করা হবে। মন্ত্রীর সফরকালে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
