গোপালগঞ্জে দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২
গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে বাস-টেম্পো মুখোমুখি সংঘর্ষে তরুণ ব্যবসায়ীসহ ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। শুক্রবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের নান্টু সরদারের স্ত্রী শাহিদা বেগম এবং গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামের শাহাদত্ হোসেন মোল্ল¬ার ছেলে ও শহরের ব্যবসায়ী লিয়াকত হোসেন লিংকন।
হরিণাকুন্ডুতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি
হরিণাকুন্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা \ বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা জাতীয়করণে হরিণাকুন্ডুতে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি। জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১০ তারিখ থেকে হরিণাকুন্ডুর ৫৫টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি চলছে।
সিরাজদিখানে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান উপজেলার রামকৃষনদী এলাকায় সন্ত্রাসীরা একটি প্রাইভেটকার ছিনতাইয়ের প্রাণপণ চেষ্টা করে। কিন্তু ঘটনার সময় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা ব্যর্থ হয়ে গাড়ির চাবি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে সিরাজদিখান থানায় প্রাইভেটকারের চালক জসিম বাদী হয়ে রাতে অভিযোগ দাখিল করেন।
মোরেলগঞ্জে আওয়ামী লীগের কমিটি গঠন
মোরেলগঞ্জ সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের শনিবার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. নুরুল ইসলাম মৃধাকে আহবায়ক ও মো. জাহাঙ্গীর হোসেন বাদশাকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
লক্ষ্মীপুর কর্মচারী সমম্বয় পরিষদের নির্বাচন
লক্ষ্মীপুর প্রতিনিধি \ বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার কর্মচারী সমন্বয় পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলম, সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম নির্বাচিত হয়েছে। নির্বাচন পরিচালনা করেন, আবদুস সহিদ ও মো. আবুল হোসেন।
বাঞ্ছারামপুরের স্কুলে আলোচনা সভা
বাঞ্ছারামপুর সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী (খোদাই বাড়ি) মাদ্রাসার উদ্যোগে শনিবার ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মিয়া মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিআইপি আলহাজ্ব মোঃ হেলাল মিয়া, ডাঃ হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ।
গোপালগঞ্জে আইডিইবির নতুন কমিটি
গোপালগঞ্জ প্রতিনিধি \ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) গোপালগঞ্জ জেলার নয়া কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে। মোঃ শাহাদাত্ হোসেন সভাপতি, মোহাঃ নাহিদ হাসান সিনিয়র সহ-সভাপতি, মোঃ মতিয়ার রহমান সাধারণ সম্পাদক, জাকারিয়া আলম সাংগঠনিক সম্পাদক, মিলন কান্তি বিশ্বাস কোষাধ্যক্ষ, মোঃ সোহাগ সিকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ ১৭ সদস্য বিশিষ্ট আইডিইবির গোপালগঞ্জ জেলা কমিটি নির্বাচিত করা হয়।
মুজিবনগরে পিকনিকে এসে প্রকৌশলীর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি \ বগুড়া থেকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে পিকনিকে এসে হূদরোগে আক্রান্ত হয়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। শুক্রবার ওই ঘটনা ঘটে। বগুড়ার ফুলতলা এলাকার বাসিন্দা বগুড়া ফাইভ স্টার নাজ গার্ডেন হোটেলের প্রকৌশলী আমিনুল ইসলাম (৫৬) মুজিবনগরে পিকনিকে এসে হূদরোগে আক্রান্ত হয়। তাকে হাসপাতালে নেয়ার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তালায় পাঁচ ছাত্রলীগ নেতা বহিষ্কার
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ প্রতিষ্ঠা বার্ষিকীর চাঁদা আদায়কে কেন্দ্র করে সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগ থেকে ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলো- তালা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ মুন্নাফ হোসেন শিম্পু, জাহাঙ্গীর হোসেন হীরা, ছাত্রলীগ নেতা শেখ তুহিন, আয়ুব আলী সরদার ও ছোট মিন্টু।
গাংনীতে চারটি বোমা উদ্ধার
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগরের একটি কাঁঠাল বাগান থেকে পরিত্যক্ত ৪টি বোমা উদ্ধার করেছে পীরতলা ফাঁড়ি পুলিশ। পীরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুল্লাহ হারুন জানান, শুক্রবার লালটেপ মোড়ানো বোমাগুলি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জে সরকারের ৪ বছর পূর্তিতে আলোচনা
গোবিন্দগঞ্জ সংবাদদাতা \ মহাজোট সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা গোবিন্দগঞ্জে অগ্নিবীণা সঙ্গীত নিকেতনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি তোজাম্মেল হোসেন প্রধান অতিথি ছিলেন। গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও অগ্নিবীণা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুজ্জামান, থানা অফিসার ইনচার্জ শেখ দেলোয়ার হোসেন প্রমুখ।
তাড়াশে উপজেলা চেয়ারম্যান পুত্র হামলার শিকার
চলনবিল সংবাদদাতা \ তুচ্ছ ঘটনাকে কেন্দ করে পলাশডাঙ্গা যুবশিবিরের মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সাধারণ সম্পাদক, কবি ও নাট্যকার তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র জর্জিয়াস মিলন রুবেলকে কতিপয় ছাত্রলীগ নেতার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে মারপিট করে মারাত্মক আহত করা হয়েছে। রাতেই সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালে তার চোখে অস্ত্রোপচার করা হয়। প্রকাশ, ছাত্রলীগ কর্মী সিরাজুল ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিএম রাসেল রানার নেতৃত্বে এই হামলা হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবে চবি সাংবাদিক সমিতি
চবি সংবাদদাতা\ চট্টগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সাথে শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে সাক্ষাত্ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ ও সদস্যবৃন্দ। এ সময় চবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানায়। প্রেসক্লাবের নেতৃবৃন্দ চবি সাংবাদিকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
চৌমুহনীতে দোকান কর্মচারীর আত্মহত্যা
চৌমুহনী সংবাদদাতা\ চৌমুহনী শহরের টক্কা পোলের সন্নিকটে স্ক্র্যাপ বিক্রেতা তাজুল ইসলামের দোকানের কর্মচারী সাইফুল ইসলাম (২০) শুক্রবার রাতে দোকানের অভ্যন্তরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শনিবার দোকানের মালিক এসে দোকানের দরজা বন্ধ দেখে ফাঁক দিয়ে কর্মচারী সাইফুল ইসলামের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে চিত্কার দেয়। বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
বিশ্ব ইজতেমায় হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
টঙ্গী সংবাদদাতা\ টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রতিবারের ন্যায় এবারো লাখো মুসল্লির স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে মুসল্লিদের বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ)। বৃহস্পতিবার হামদর্দ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাকীম মো. ইউছুফ হারুন ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হবিবুল আউয়াল, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.) এবং পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোহাম্মদ জামালউদ্দন ভুঁইয়া রাসেলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হামদর্দের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মোহনগঞ্জে চার গাঁজাসেবী গ্রেফতার
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা\ মোহনগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গাঁজাসেবীকে গ্রেফতার করে গতকাল শনিবার কোর্টে সোপর্দ করেছে। গ্রেফতারকৃত গাঁজাসেবীরা হচ্ছে রাইছ উদ্দিন (৪৫), রফিকুল হাসান রাজন (২৪), সুরুজ আলী (৩৩) ও আতিকুজ্জামান (২৩)।
নবীনগরে আওয়ামী লীগের কমিটি গঠন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যাকুট ও নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বৃহস্পতিবার আহ্বায়ক আবদুর রউফের স্বাক্ষরিত ৬৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। বিদ্যাকুট ইউনিয়নে আবদুর রাজ্জাককে সভাপতি, এম.সালেহউদ্দিন বাবুকে সাধারণ সম্পাদক করে ৬৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মাদারীপুরে মহিলা উন্নয়ন সংস্থার মানববন্ধন
মাদারীপুর প্রতিনিধি\ শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মাদারীপুর প্রেসক্লাবের সামনে সড়কে মাদারীপুর দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মহিলা উন্নয়ন সংস্থা এ কর্মসূচি পালন করে। পূর্বাহ্নে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এমএমইউএস-এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন লাকি।
পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ ১১ জানুয়ারি রাতে পীরগঞ্জ উপজেলার আগ্রাগরিনাও বাড়ি গ্রামের বিনোদ চন্দ্র রায় (৩৫) পীরগঞ্জ থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে পীরগঞ্জ-রনসীয়া সড়কের আমতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সেতাবগঞ্জ চিনিকলের একটি ইক্ষু বহনকারী ট্রাক্টরের ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
