যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জা মহামারি পর্যায়ে

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২২:২৯
যুক্তরাষ্ট্রে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত সপ্তাহে এ ভাইরাসে আক্রান্ত রোগীর ৭ দশমিক ৩ শতাংশ মারা গেছে। এটি এখন মহামারী পর্যায়ে পৌঁছেছে। বোস্টনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বোস্টনের মেয়র থমাস মেনিনো এ জরুরি অবস্থা জারি করেন। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা কেন্দ এ তথ্য জানায়। খবর রয়টার্সের ম্যাসাচুসেটস, বোস্টন, ইলিনয় এবং পেনসিলভিনিয়ায় এ রোগের প্রাদুর্ভাব বেড়েছে। স্বাভাবিক রয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। বোস্টনের মেয়র আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখ না করে বলেন, গত বছরের তুলনায় এ সংখ্যা ১০ গুণ। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যকর্মীরা দ্রুত কাজ করছে বলেও জানান তিনি। রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা কেন্দ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। গত কয়েক দিনে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের সকলের বয়স ১৮ বছরের নিচে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০১১-১২ সালের চেয়ে এবারই ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেশি। গত বছরের সেপ্টেম্বর থেকেই ফ্লু-শট দেয়ার কাজ শুরু হলেও অনেকেই ইচ্ছাকৃতভাবে এখনও তা নেননি। কিন্তু শুক্রবার থেকে বোস্টনে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় ফার্মেসি এবং স্বাস্থ্যকেন্দ গুলোতে ফ্লু-শট নিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।