মানবাধিকার সংগঠন ‘অধিকার’ বার্ষিক মানবাধিকার প্রতিবেদন-২০১২ প্রকাশ করে বলেছেন, বিচার বিভাগ মানুষের অধিকার রক্ষা না করে ক্ষুণ্ন করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতার অভাব দেখা যাচ্ছে।
গত একবছরে ২৪ জন গুম হয়েছেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৭০ জন। জেল হাজতে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন ৭২ জন। রাজনৈতিক সহিংসতায় ১৬৯ জন নিহত হয়েছেন। গণতান্ত্রিক অধিকার সভা-সমাবেশ যথাযথভাবে করতে পারছে না। ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এ বছর ৮০৫ জন নারী ও মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছেন। যৌন হয়রানির শিকার হয়েছেন ৪৭৯ জন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের সংক্ষিপ্ত অংশ পাঠ করেন অধিকার-এর উপদেষ্টা ফরহাদ মজহার। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ড. সি আর আবরার, সাধারণ সম্পাদক আদিলুর রহমান, পরিচালক নাসিরউদ্দিন, প্রোগ্রাম সমন্বয়ক সাজ্জাদ হোসাইন ও সিনিয়র গবেষক তাসকিন ফাহমিনা।
ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের অবস্থা ভাল নয়। তথ্য কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক সহিংসতা বেড়েছে। সরকারের দায়মুক্তির কারণে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভারতকে বন্ধু হিসেবে বারবার উল্লেখ করলেও তার কোন নিদর্শন দেখা যায়নি। বরং সীমান্তে হত্যা নির্যাতন অপহরণ বেড়েছে। শ্রমিকরা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে।
