কৃষি শ্রমিকদের উত্সব ভাতা জটিলতা নিরসনের পরামর্শ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:০৬
অনিয়মিত কৃষি ফার্ম শ্রমিকদের উত্সব ভাতা প্রদানের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে নিরসনের পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সাথে কমিটি ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্স সিস্টেম বা নার্সের কৃষি বিজ্ঞানীদের পদোন্নতির ক্ষেত্রেও যে জটিলতা রয়েছে তা দূর করার দায়িত্ব বিএআরসিকে দিয়েছে। গতকাল রবিবার শওকত মোমেন শাহজাহানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিয়োজিত সকল অনিয়মিত কৃষি ফার্ম শ্রমিকদের উত্সব ভাতা প্রদানের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিয়ে আলোচনা করা হয়। কমিটি এ ক্ষেত্রে ফার্ম শ্রমিকদের কর্মদিবস গণনা সংক্রান্ত জটিলতা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। কমিটির সদস্যরা নার্সভুক্ত কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কৃষি বিজ্ঞানীদের পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা করেন। পরে কমিটি একমত হয়ে জটিলতা নিরসনের লক্ষ্যে একই বিধি অনুসরণ করে বিজ্ঞানীদের পদোন্নতির ব্যাপারে জ্যেষ্ঠতা নির্ধারণ নীতিমালা প্রণয়নের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলকে (বিএআরসি) দায়িত্ব প্রদান করেছে। বৈঠকে সারাদেশের কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার নীতিমালার অগ্রগতি পর্যালোচনা করা হয়। নীতিমালাটি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য একটি সংসদীয় সাব-কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির আগামী বৈঠকে সাব-কমিটির আহ্বায়ক ও বিশেষজ্ঞ সদস্য নির্ধারণ করা হবে। এছাড়া সে বৈঠকে ‘জাতীয় কৃষিনীতি ২০১২’ এবং কৃষি বিপণন অধিদফতর আধুনিকায়ন করার ব্যাপারে যে প্রস্তাব রয়েছে তা পর্যালোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খন্দকার আবদুল বাতেন, শাহ জিকরুল আহমেদ, মো. মনিরুল ইসলাম এবং নূরজাহান বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।