চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। আগামী ১৭ জানুয়ারি উক্ত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী প্রচারণা তেমন একটা জমে উঠেনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যও ওই আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। চট্টগ্রাম-১২ শূন্য আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও আখতারুজ্জামান চৌধুরী বাবু’র বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। কিন্তু নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না।
অপরদিকে দলীয় পরিচয়ের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতাসহ কয়েকজন মনোনয়নপত্র দাখিল করলেও তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা জালাল উদ্দিনের মনোনয়নপত্র হাইকোর্ট বহাল করলেও আপীল বিভাগ তা বাতিল করে দেয়। ফলে আওয়ামী লীগ প্রার্থী জাবেদের সাথে একমাত্র প্রতিদ্বন্দ্বিতায় থাকেন গণফোরামের একমাত্র প্রার্থী মাস্টার উজ্জল ভৌমিক। তাছাড়া আর মাত্র এক বছরের জন্য এই নির্বাচন নিয়ে জনগণের তেমন একটা আকর্ষণ নেই। তারপরও জাবেদের পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণফোরাম প্রার্থী উজ্জল ভৌমিকও উদীয়মান সূর্য মার্কায় ভোট প্রার্থনা করে যাচ্ছেন। শনিবার নগর আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী জাবেদের পক্ষে নৌকা মার্কায় প্রচারণা চালান।
