কল্পনা চাকমা অপহরণ মামলা

শুনানিতে বাদির নারাজি আদেশ ১৬ জানুয়ারি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:১৪
রাঙ্গামাটির চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কল্পনা চাকমা অপহরণ মামলার সিআইডির তদন্ত রিপোর্টের শুনানিতে না-রাজি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন মামলার বাদীর আইনজীবীরা। আদালত আগামী ১৬ জানুয়ারি এ বিষয়ে আদেশ দেয়ার দিন ধার্য করেছে। গতকাল রবিবার দুপুরে রাঙ্গামাটির ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুদৌল্লাহ কুতুবীর আদালতে শুনানি হয়। এতে বাদী পক্ষের আইনজীবীরা প্রতিবেদনের উপর না-রাজি দিয়ে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। আদালত উভয়পক্ষের বক্তব্য শোনার পর আগামী ১৬ জানুয়ারি আদেশের দিন ধার্য করে। শুনানির সময় বাদী পক্ষের আইনজীবী ছাড়াও মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন গভীর রাতে রাঙ্গামাটির বাঘাইছড়ি থানাধীন নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে কল্পনা চাকমা অপহূত হন। ২০১০ সালের ২১ মে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করার পর মামলার বাদী ও অপহূতার বড় ভাই কালিন্দী কুমার চাকমা না-রাজি দাবি করে ঘটনার পুনঃতদন্তের দাবি করেন।