মিসরে গণবিক্ষোভের মুখে পদত্যাগী সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচার পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা তার এক আবেদন গ্রহণ করে আদালত গতকাল রবিবার এ আদেশ দেন। খবর বিবিসির।
গত বছরের ২ জুন তার আমলে বিক্ষোভকারীদের হত্যার দায়ে তাকে এবং ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। অন্যদিকে সরকারি আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে মোবারক, তার দুই ছেলে গামাল ও আলা এবং পলাতক ব্যবসায়ী হোসাইন সালেমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলাটিরও পুনরায় বিচারের নির্দেশ দেন আদালতের ?বিচারক আহমেদ আলী আবদেল রহমান।
২০১১ সালে গণবিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন ৩০ বছর ক্ষমতায় থাকা সাবেক এই স্বৈরশাসক। বিক্ষোভে প্রায় ৮৫০ জন নিহত হয়। বিচারক আহমেদ আলী আবদেল রহমান বলেন, বিবাদীর আবেদন গ্রহণ করছে আদালত এবং পুনরায় বিচারের নির্দেশ দিচ্ছেন। মোবারকের আইনজীবী মোহামেদ আবদেল রাজেক বলেন, আগের বিচারের সময় উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে পুনর্বিচার হবে। নতুন কোন প্রমাণ উপস্থাপন করা হবে না। বিচারকদের একটি নতুন প্যানেল তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে রায় দেবেন। বর্তমানে মোবারক একটি হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
