ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলনরত (ক্লাস-পরীক্ষার দাবিতে) শিক্ষার্থীদের হামলার পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতি তাদের আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. টিএম লোকমান হাকিমের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর গত শনিবার হামলার এক পর্যায়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নজিবুল হক ক্লাস-পরীক্ষায় ফিরে যাওয়ার ঘোষণা দেন। এরপর গতকাল শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার কথা জানান। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার নির্দেশেই শিক্ষকদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করে তাদের পদত্যাগ ও হামলাকারীদের বিচার নিশ্চিত করতে ৭ দিন সময় বেঁধে দিয়ে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের কাছে স্মারকলিপি দেন তারা। তবে শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলন স্থগিত করা হলেও সহসা চালু হচ্ছে না ক্লাস-পরীক্ষ। বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষকদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ বর্তমান প্রশাসন। ক্যাম্পাসে শিক্ষকদের নিরাপত্তা না থাকায়, প্রক্টর ড. আক্তারুল ইসলাম জিল্লু ও ছাত্র উপদেষ্টা ড. টিএম লোকমান হাকিমের পদত্যাগ না হওয়া পর্যন্ত এবং হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া পর্যন্ত আমরা ক্যাম্পাসে যাব না।
এদিকে গতকাল সাবেক ভিসি ও প্রো-ভিসিপন্থি কয়েকজন শিক্ষক কিছু বিভাগে ক্লাস নিলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম।
এদিকে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে শিক্ষকদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ছাত্রলীগ নেতারা।
