যুদ্ধাপরাধীদের বিচার একটি অভ্যন্তরীণ বিষয় :দিলীপ বড়ুয়া

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। বিশ্বের কোন শক্তি এই বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত রবিবার বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। কমরেড দিলীপ বড়ুয়া বলেন, আমরা মহাজোট সরকারের সফলতা এবং ব্যর্থতারও ভাগিদার হবো। কারণ শেখ হাসিনার নেতৃত্বে শুরু হওয়া যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের যে ঝুঁকি নিয়েছেন— আমরা রাজশাহীর এই সমাবেশ থেকে তাকে অভিনন্দিত করছি। এখান থেকে গ্রামে ফিরে গিয়ে শেখ হাসিনা ও ১৪ দলের সমর্থনে ঐক্যবদ্ধ শক্তি গড়ে তুলতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার বানচালে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। বাংলদেশের সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য কমরেড লুত্ফর রহমানের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা প্রমুখ।