সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে তিনটি সরকারি সড়কের পাশে থাকা বিভিন্ন ধরনের প্রায় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
গত তিনমাস ধরে দফায় দফায় দু’কাঠ ব্যবসায়ী ওই গাছগুলো কাটাচ্ছে। হাজরাকাটি ওয়ার্ডের সাবেক এক ইউপি সদস্য গাছগুলো বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দিয়েছে গ্রামবাসী। স্থানীয় তহশীলদার (নায়েব) মো. আব্দুল মালেক সরেজমিনে সড়ক তিনটি পরিদর্শন করে সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
হাজরাকাটি ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শেখ আক্কাজ আলী গাছ বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তবে ওই টাকা কি করা হয়েছে, সেটি তিনি বলতে পারেননি। খলিলনগর ইউনিয়নের তহশীলদার (নায়েব) মো. আব্দুল মালেক সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সড়কের গাছ কাটার বিষয়টির সত্যতা পাওয়া গেছে। তবে কোন অনুমোদন আমার কাছে থেকে নেয়া হয়নি। সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ সরদার গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, সরকারের কাছে থেকে অনেক আগে লিজ নিয়ে ওই গাছ রোপণ করেছিলাম। নিয়ম মেনেই গাছগুলো বিক্রি করেছি।
তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। ঘটনার সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
