শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষকে কুপিয়ে জখম

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:১১
মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে। হাসপাতালে চিকিত্সারত অবস্থায় অধ্যক্ষ নির্মল কুমার সাহা জানান, গতকাল সোমবার সকাল পৌনে আটটার দিকে কলেজে আসার উদ্দেশ্যে খামারপাড়ার নিজ বাসা থেকে মোটর সাইকেল যোগে রওয়ানা দেন। বাসার অদূরেই ইটের পাকা রাস্তার উপর পৌঁছামাত্রই অজ্ঞাত পরিচয় ৫-৬ জন যুবক তার মোটর সাইকেলের সামনে দাঁড়িয়ে গাড়িটির গতিরোধ করে চাপাতি দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মুক্তমঞ্চে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিন, শাহীন জোয়াদ্দার, তুহিন জোয়াদ্দার, মানিক গাজী প্রমুখ। দুপুরে শিক্ষক পরিষদের নেতৃবৃন্দের উদ্যোগে কলেজ মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক সাইদুর রহমান, অপূর্ব কুমার মিত্র, শিকদার মঞ্জুরুল আলম, আশরাফ হোসেন ও প্রমিলা গোস্বামী। প্রতিবাদ সভা শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।