রাজশাহী বিভাগের ৮ জেলায় আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী অর্ধদিবস হরতাল আহবান করেছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও গোদাগাড়ি-তানোর আসনের সাবেক সাংসদ অধ্যাপক মজিবুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জামায়াতের রাজশাহী বিভাগের সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা শাখা জামায়াতে ইসলামীর আমিরগণ সম্মিলিতভাবে এ হরতাল আহবান করে বিবৃতি দিয়েছেন। এদিকে হরতালের ঘোষণার খবরে গতকাল দুপুর থেকে রাজশাহী মহানগরীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এরই মধ্যে বিভিন্ন সড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে।
