ভেনিজুয়েলার সাবেক ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জাউয়া বলেছেন, প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বেঁচে থাকার জন্য লড়াই করছেন। রবিবার কারাকাসে ক্ষমতাসীন ইউনাইটেড সোসালিস্ট পার্টির এক বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত জটিল। তবে এটা সত্য যে হুগো শ্যাভেজ বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছেন। জাউয়া ২০১০ সালের জানুয়ারি থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। খবর এএফপি ও এনডিটিভির।
শ্যাভেজকে এক মাসের বেশি সময় ধরে জনসমক্ষে দেখা যায়নি। ক্যান্সারের কারণে তার শরীরে চতুর্থ দফা অস্ত্রোপচারের পর নানা ধরনের জটিলতা দেখা দিয়েছে। এতে তার শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে এবং তার শারীরিক জটিলতা বেড়েছে। শ্যাভেজ কোমায় বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে শনিবার তার ভাই অ্যাডেন এই গুজব অস্বীকার করেন।
কিউবায় চিকিত্সাধীন শ্যাভেজের (৫৮) শরীরে গত ১১ ডিসেম্বর চতুর্থবারের মতো অস্ত্রোপচার করা হয়। এরপর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গত অক্টোবরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মতো নির্বাচিত হন শ্যাভেজ। সুস্থ না হওয়ায় এ মাসে নির্ধারিত সময়ে তিনি নতুন মেয়াদের জন্য শপথ নিতে পারেননি।
