কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি আমাদের গর্ব ও অহঙ্কার। তিনি সাম্য ও মানবতার কবি। আমার প্রিয় কবির প্রিয় বইটি হলো “নজরুলের শিশু-সাহিত্য”। তিনি তাঁর শিশু-সাহিত্যে শিশু-কিশোরদের জন্য ভাবনার জগত্ উন্মুক্ত করে দিয়েছেন। এ বইটিতে সুন্দরভাবে আমাদের কচিমনকে জাগিয়েছেন। যেমন তাঁর জাগো সুন্দর চিরকিশোর, পুতুরের বিয়ে (ছোট মেয়েদের নাটক), নবার নাম্তা পাঠ, কানামাছি, ছিনিমিনি খেলা, কে কি হবি বল, জুজুবুড়ীর ভয় ইত্যাদি নাটকে কচিমনকে আনন্দ ও উত্সাহ দিয়েছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। “নজরুলের শিশু-সাহিত্য” বইটি নজরুল ইন্সটিটিউট থেকে প্রকাশ করেছেন। চমত্কার প্রচ্ছদ রঙধনুর রঙে-ঢঙের মিশ্রণে প্রচ্ছদ জুড়ে রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্বাক্ষর।
উল্লেখিত বইটিতে কাজী নজরুল ইসলাম নবীনদের জন্য “নতুন পথিক” কবিতায় বলেছেন—
নতুন দিনের মানুষ তোরা
আয় শিশুরা আয়!
নতুন চোখে নতুন লোকের
নতুন ভরসায়।
এ বইটিতে আরো রয়েছে ছড়া, কবিতা ও গান। যেমন-খুকী ও কাঠবেড়ালি, লিচু-চোর, প্রভাতী, সাত ভাই চম্পা, কিশোর স্বপন, ঘুমপাড়ানী গান, আগুনের ফুলকি ছুটে, প্রজাপতি ও কোথায় ছিলাম আমি। কচি-কাঁচার আসরের প্রিয় বন্ধুরা, আশা করি এই বইটি তোমাদেরও ভালো লাগবে।
ফরিদা ইয়াছমিন সাথী
একাদশ শ্রেণি
বসুরহাট সরকারি মুজিব কলেজ
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
