অবিবাহিতদের মৃত্যু ঝুঁকি বেশি কেন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:৫১
বিবাহিত পুরুষেরা দাম্পত্য জীবনে সুখী হলে তাদের অসুস্থতাজনিত মৃত্যু ঝুঁকি কম এমন তথ্য প্রায়শই প্রকাশিত হয়ে থাকে। এর কোন বিজ্ঞানভিত্তিক যুক্তি আছে কিনা এনিয়ে মার্কিন বিশেষজ্ঞগণ একটি দীর্ঘ গবেষণা করেন। এই গবেষণায় ৬৭ হাজার বয়স্ক লোককে অন্তর্ভুক্ত করা হয়। গবেষণার ফলাফলে দেখা যায় অবিবাহিত পুরুষ বয়স্ক লোকদের মৃত্যু ঝুঁকি শতকরা ৫৮ ভাগ বেশি। আর অবিবাহিত মহিলাদের মৃত্যু ঝুঁকি বিবাহিতদের তুলনায় ৪০ শতাংশ বেশি এবং বিবাহ বিচ্ছেদের শিকার মহিলাদের মৃত্যু ঝুঁকি সাধারণ মহিলাদের চেয়ে ২৭ ভাগ বেশি। এপিডেমিওলজি এন্ড কমিউনিটি হেলথ জার্নালে উল্লেখ করা হয়, দাম্পত্য জীবনে সুখী এমন বিবাহিত পুরুষ ও মহিলাদের মানসিক শক্তি, পারস্পারিক সেবার মনোভাব এবং কর্মোদ্দীপনা থাকে অধিক। এছাড়া একাকীত্ব যাদের সঙ্গী তাদের মনের জোর থাকে অপেক্ষাকৃত কম, মানসিক চাপ থাকে তীব্র এবং বার্ধক্যজনিত রোগ এদের পেয়ে বসে। তাই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হূদরোগসহ নানা সমস্যা এদের পিছু ছাড়ে না। আর যারা বিবাহিত তাদের এ ধরনের সমস্যায় স্বামী-স্ত্রীর পারিবারিক উপলব্ধি ও পরামর্শ এবং সন্তান-পরিজনদের সাহচর্য ও কেয়ারিং মনোভাবে অসুস্থতা অনেকাংশে লাঘব হয় এবং চিকিত্সার ক্ষেত্রে যথাযথ সিদ্ধান্ত নেয়া যায় সহজে। এসব কারণে বিশেষজ্ঞগণ মনে করেন বিবাহিতদের জীবন বার্ধ্যকেও থাকে সতেজ যা তাদের রোগ-ব্যাধির ঝুঁকি অনেকাংশে হ্রাস করে।