বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওঠানামা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ারও পরামর্শ দেয়া হয়। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি এবিএম আবুল কাসেমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য তহুরা আলী ও রুমানা মাহমুদ সভায় অংশগ্রহণ করেন। সভায় সরকারের আন্তরিকতা ও সর্বাত্মক প্রচেষ্টায় বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মসের (আরজেএসি) সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ অঙ্গীকারের আলোকে দেশের প্রথম ডিজিটাল অফিস হিসেবে আরজেএসি ২০০৯ সালের জানুয়ারি থেকে কাজ শুরু এবং ২০১১ সালে আইএফসি বিশ্বব্যাংকের বিজনেস রিপোর্টে বাংলাদেশকে টপ টেন সংস্কারকদের অন্তর্ভুক্ত করে স্বীকৃতি ও প্রত্যয়নপত্র দেয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মসের কার্যাদি বর্তমানে অনলাইনে সম্পন্ন হওয়ায় সেবা প্রদান দ্রুততর ও স্বচ্ছ হয়েছে এবং অনলাইনে নথি পর্যবেক্ষণ ও জবাদিহির ব্যবস্থা থাকার ফলে ইতোমধ্যে ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া বিশ্বমানে উন্নীত হয়েছে। সভায় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের কমার্শিয়াল উইং-এর কার্যক্রম সম্পর্কেও আলোচনা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার মিলিয়ন মার্কিন ডলার যা পূরণের জন্য বিশ্বের ১৬টি দেশের ১৯টি উইং কাজ করে যাচ্ছে। দেশের বর্তমান রপ্তানি প্রবৃদ্ধি ৭.০১ শতাংশ। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
