বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মৃতদেহ যত দ্রুত সম্ভব দেশে আনা হবে। সরকার এ বিষয়ে সম্ভাব্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গতকাল ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, বিএমইটি-এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
বাহরাইনে নিহত ব্যক্তিদের পরিবহন খরচ বাংলাদেশ সরকার বহন করবে উল্লেখ করে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, এছাড়া সরকার লাশ পরিবহন ও দাফন-কাফন বাবদ নিহত ব্যক্তিদের প্রতি পরিবারকে ৩৫ হাজার টাকা করে এবং নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করবে। অপরদিকে নিহতরা যে যে কোম্পানিতে চাকরি করতেন সে কোম্পানি থেকে নিহতদের পাওনা বেতন ও ক্ষতিপূরণ আদায়ের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নিবন্ধন বিষয়ে মিডিয়ার কার্যকরী ভূমিকার প্রশংসা করে বলেন, মালয়েশিয়া গমনেচ্ছু ঢাকা ও বরিশাল বিভাগে ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ৪ লাখ ২৫ জনের নাম নিবন্ধিত হয়েছে। এর আগে বাহরাইন পার্লামেন্টের সংসদ সদস্য মো. ইউসুফ আল মাহমুদের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট বাহরাইন পার্লামেন্টের এক প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে সাক্ষাত্ করেন।
প্রতিনিধি দল বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও শ্রমিকদের অধিকার সংরক্ষণসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
