মিরপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:০৬
রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় বালুর মাঠ সংলগ্ন বেড়িবাঁধ বস্তিতে স্কুলছাত্রী চাঁদনীকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি রাজুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সোমবার রাতে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেফতার করে। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজু চাঁদনী ধর্ষণ ও হত্যা মামলার এক নম্বর আসামি। ঘটনার পর থেকেই সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেফতার করার পর ঢাকায় নিয়ে আসা হয়। রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডিবি এ মামলায় রাজুকে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে। ডিবি জানায়, গত ৫ জানুয়ারি চাঁদনী তার মায়ের সাথে রাগ করে হাজী রোড ঝিলপাড় বস্তিতে নিজের বাসা থেকে বের হয়ে বালুর মাঠ বেড়িবাঁধ এলাকায় যায়। ঐ এলাকায় খোকনের ঘরে যাওয়ার পর সেখানে রাজু, খোকন ও ইসমাইল চাঁদনীকে পালাক্রমে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে।