জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে ফরিদপুর জেলার সকল রুটের বাস ভাড়া বৃদ্ধি করেছে মালিকপক্ষ। সরকারিভাবে বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা আগামী রবিবার আসার কথা থাকলেও গত এক সপ্তাহব্যাপী ফরিদপুর জেলার সকল রুটে বর্ধিত বাস ভাড়া আদায় করতে দেখা গেছে। যাত্রী সাধারণের অভিযোগ থেকে জানা গেছে, মধুখালী থেকে ফরিদপুর যেতে আগে ৩৫ টাকা ভাড়া নেয়া হলেও এখন আদায় করা হচ্ছে ৪০ টাকা। এদিকে বর্ধিত বাস ভাড়া আদায় করাকে কেন্দ করে যাত্রী সাধারণের সাথে শ্রমিকদের দুর্ব্যবহার করতেও দেখা যাচ্ছে। এ নিয়ে প্রতিনিয়তই যাত্রী ও বাস শ্রমিকদের মধ্যে বচসা লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে ফরিদপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে ভাড়া নেয়ার কথা নয়। বিষয়টি আমি দেখছি। বুধবার দুপুরে বর্ধিত বাস ভাড়া আদায়ের বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহ্মদ বলেন, সরকারিভাবে বাসের ভাড়া বৃদ্ধি করা হয়নি। এ ব্যাপারে আমার কাছে কোন অভিযোগ আসেনি।
