কোল্ড ইনজুরিতে মেহেরপুরের বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৫১
তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে কোল্ড ইনজুরিতে নষ্ট হয়ে যাচ্ছে এলাকার বোরো বীজতলা। লালচে রং ধারণ করে পচে যাচ্ছে ধানের চারা। ছত্রাকনাশক প্রয়োগ করেও কোন লাভ হচ্ছে না। চাষিরা ইতিমধ্যে বোরো রোপণ শুরু করলেও চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশংকা করছে কৃষকেরা। মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের একাধিক কৃষক জানান, আমরা বৃষ্টির জমা পানি দিয়ে বীজতলা তৈরি করে থাকি। এ বছরে তেমন বৃষ্টি হয়নি। বৃষ্টির অভাবে সেচ দিয়ে চারা তৈরি করতে বাড়তি খরচ হয়েছে। অনেককে চড়া দামে জমি ভাড়া নিয়ে বীজতলা তৈরি করতে হয়েছে। তারপরও চারা নষ্ট হয়ে যাচ্ছে। একই গ্রামের আরো কয়েকজন কৃষক বলেন, ইতিমধ্যে মাঠের প্রায় ৪০ ভাগ চারা নষ্ট হয়ে গেছে।