সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:০৫
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত যেসব প্রকল্প রয়েছে, তার কাজ দ্রুতসম্পন্ন করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে ধীরেন্দ্র চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানিয়েছে—বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকল্পের কাজ সম্পর্কে কমিটিকে বিস্তারিত অবহিত করা হয়। কমিটির সদস্যরা বরগুনা, বেতাগী, নেয়ামতি, বাকেরগঞ্জ ও আমতলী, তালতলী ও সোনাকাঠা প্রকল্পের প্রাক্কলনের বিস্তারিত বিবরণ এবং কাজের অগ্রগতিসহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অন্য প্রকল্পগুলোর প্রাক্কলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কমিটি বরগুনা-বেতাগী-নেয়ামতি-বাকেরগঞ্জ এবং আমতলী-তালতলী-সোনাকাঠা সড়ক প্রশস্তকরণ উন্নয়ন প্রকল্পের কাজ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সব প্রকল্পের কাজ দ্রুতসম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। একই সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে দেশের বিভিন্ন স্থানে রাস্তা মেরামতের কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। অপরদিকে, মোহাম্মদ রফিকুল ইসলামকে আহ্বায়ক এবং এস কে আবু বাকের ও হাফিজ উদ্দিন আহম্মেদকে সদস্য করে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ২ নম্বর সাব-কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল আকবর, শেখ মুজিবুর রহমান, এস কে আবু বাকের, মোহাম্মদ রফিকুল ইসলাম, ফজলে হোসেন বাদশা ও বেগম ফরিদুন্নাহার লাইলী বৈঠকে অংশগ্রহণ করেন।