বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখা ৬শ’ শাখা মনিটর করবে

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:২২
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শিল্প, বাণিজ্য, কৃষি ও অর্থনীতির উন্নয়নের দিক বিবেচনা করে ২২ বছর পর বাংলাদেশ ব্যাংকের নতুন শাখা বৃদ্ধি করা হয়েছে। এ অফিসের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহসহ ৬শ’ শাখাকে মনিটর করা হবে। মনিটরিং জোরদার করার পাশাপাশি নতুন নোট প্রদান, পুরাতন-ছেঁড়াফাটা নোট পরিবর্তন, সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড ক্রয়-বিক্রয়, ট্রেজারি কার্যক্রম পরিচালনা, ক্লিয়ারিং হাউজ পরিচালনাসহ ব্যাংকিং কাজ পরিচালনা করা হবে। এর ফলে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলের আর্থিক খাত বৃদ্ধি পাবে ও অর্থনীতি গতিশীল হবে। বৃদ্ধি পাবে লেনদেন ও মুদ্রার চাহিদা। তিনি বলেন, কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির ঐতিহ্যের শহর হচ্ছে ময়মনসিংহ। গতকাল বুধবার সকালে ময়মনসিংহের দুর্গাবাড়ী রোডে হূদয় টাওয়ারে বাংলাদেশ ব্যাংকের ১০ম শাখার আনুষ্ঠানিক উদ্বোধনকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক জিএম মো. আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সদস্য প্রফেসর ড. এম এ সাত্তার মণ্ডল, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া, পৌর মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ। বাংলাদেশ ব্যাংকের শাখা উদ্বোধন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান হোটেল আমিরে দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও দোকান মালিক সমিতি ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় এবং বাকৃবিতে এক সেমিনারে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।