যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় গতকাল বুধবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক-মণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ইত্তেফাক পরিবারসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল মরহুমার আজিমপুরস্থ মাজার, কাজলারপাড় ইত্তেফাক ভবন, মরহুমার পুত্র-কন্যা ও দৌহিত্রদের বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণ।
এসব মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে মরহুমা মাজেদা বেগম ও মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত এবং তাদের সন্তান, নাতি-নাতনি ও প্রতিষ্ঠানের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মাজেদা বেগমের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকাল থেকেই আজিমপুর গোরস্থানে মরহুমার মাজার প্রাঙ্গণে গতকাল সকাল থেকেই শুরু হয় কোরআনখানি। এরপর সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এতে অংশ নেন মরহুমার কনিষ্ঠ পুত্র এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন, মরহুমার নাতি মহিবুল আহসান শাওন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু ও এজাজ আহমেদ মুক্তা, দফতর সম্পাদক এম সালাহউদ্দিন আহম্মেদ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, জাতীয় যুব সংহতির সভাপতি এমএ কাইয়ুম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ। এখানে মোনাজাত পরিচালনা করেন কাজলারপাড় ইত্তেফাক মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান। এর আগে দোয়ার অনুষ্ঠান সমন্বয় করেন মাওলানা কামালউদ্দিন।
এরপর বাদ জোহর কাজলারপাড়স্থ ইত্তেফাক ভবনে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইত্তেফাকের মুদ্রাকর মহিবুল আহসান শাওন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিট প্রধান আবুল খায়ের, ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান ও সাধারণ সম্পাদক শ্রী দীপক চন্দ্র রায়, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আজাদসহ ইত্তেফাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিগণ এবং স্থানীয় লোকজন। দোয়ার মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন পরিবাগের সাহেবজাদা শাহ সৈয়দ আব্দুল বারী।
এছাড়া মরহুমার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার মইনুল হোসেনের বারিধারাস্থ বাসভবনে কাঙ্গালিভোজ, কনিষ্ঠ পুত্র আনোয়ার হোসেনের ধানমন্ডিস্থ বাসভবনে কোরআনখানি ও কাঙ্গালিভোজ, জ্যেষ্ঠ কন্যা আখতারুন্নাহার বেবীর বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিল এবং কনিষ্ঠ কন্যা সুলতানা হোসেন রুবীর বাসভবন সংলগ্ন লালমাটিয়া বি ব্লকের বিবি মসজিদে বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
