আওয়ামী লীগের উপদেষ্টা-মণ্ডলীর সদস্য ও দপ্তর-বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন আখ্যায়িত করে বিরোধী দলের উদ্দেশে বলেছেন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করতে আপনারা সংসদে আসুন। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শাহবাগ থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের কাছে আস্থাশীল ও শ্রদ্ধাশীল নির্বাচন কমিশন প্রয়োজন। নির্বাচন কমিশনের উপর কোন আঘাত আসলে জনগণ তাদের পাশে থাকবে। এই আসল জায়গা রেখে বিএনপি তত্ত্বাবধায়ক নিয়ে আন্দোলন করছে। তিনি বিরোধী দলের উদ্দেশে আরো বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যাপারে আপনারা সংসদে এসে কথা বলুন। আপনাদেরকে তো কোন শর্ত দেয়া হয়নি। অন্তর্বর্তী সরকার কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করুন।
বিএনপির মানবপ্রাচীর প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, মানবপ্রাচীর করে তো কোন সমাধান পাওয়া গেলো না। নির্বাচন করে নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকার তো নির্বাচন করে না। ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন কমিশনের মাধ্যমেই হয়েছে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকারের সফলতা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। পত্রিকার সম্পাদকীয়তে বলা হলো তিনি ব্যর্থতার কথা বলেননি। শুধু সফলতার কথা বলেছেন। তিনি বলেন, ব্যর্থতার কথা বলার জন্য তো বিরোধী দল আছে। প্রধানমন্ত্রী কেন ব্যর্থতার কথা বলবেন। তারা সংসদে এসে কথা বললেই তো হয়। বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, তামাশা করে দেশটাকে কোথায় নিয়ে যেতে চান? শুধু সদস্য পদ বাঁচাতে কেন সংসদে আসেন? বামপন্থিদের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, টেলিভিশনে দেখলাম আমাদের বামপন্থিরা নিশান উড়ায়ে হরতাল করছে। আর জামায়াত হরতাল করে বোমা মাইরা। বিএনপি করে গরম গরম হরতাল। তিনি বলেন, নৈরাজ্য করে সরকারের উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করতে পারবেন না। বাংলাদেশ যেভাবে চলছে চলবেই। যতই চেষ্টা করেন আপনারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবেন না।
সংগঠনের উপদেষ্টা সিরাজুল হক বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহসভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কৃষক লীগ নেতা শেখ জাহাঙ্গীর আলম, মুজিবুর রহমান, কবি রবীন্দ্র গোপ প্রমুখ।
