ভারত যুদ্ধবাজি করছে

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:২৭
যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানি পররাষ্ট্র-মন্ত্রী হিনা রাব্বানি খার ভারতকে যুদ্ধবাজ দেশ হিসেবে অখ্যায়িত করে বলেছেন, তারা যুদ্ধবিগ্রহের কাহিনী শুরু করেছেন। দুই দেশের সীমান্তে সামরিক উত্তেজনার প্রেক্ষিতে ‘প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চলতে পারে না’ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এমন হুঁশিয়ারি উচ্চারণের পর তিনি এ মন্তব্য করেছেন। গতকাল বুধবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মঙ্গলবার নিউইয়র্কে এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমরা যুদ্ধবাজি দেখতে পাচ্ছি। তিনি বলেন, ভারতের শীর্ষ নেতার কাছ থেকে এ ধরনের মন্তব্য হতাশ করেছে। তবে ভারতের সঙ্গে আমরা শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে যে অঙ্গীকার করেছি তা দৃঢ়ভাবে মেনে চলার চেষ্টা করবো। তিনি বলেন, আমি আনন্দিত যে আমরা কথা বা কাজে কোনো প্রতিক্রিয়া দেখাইনি। চলমান উত্তেজনা নিরসনে আলোচনার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা দরজা বন্ধ করে রাখিনি। জনগণ ও গণমাধ্যমের সামনে না বলে আমাদের মধ্যে আলোচনা চলতে পারে। বর্তমানে পাকিস্তানে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা চলছে। এ কারণে দুই দেশের সীমান্ত উত্তেজনার বিষয়টি গুরুত্ব পায়নি। গত কয়েকদিন ধরে দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত পাকিস্তানের দু’জন ও ভারতের দু’জন সেনা নিহত হয়েছে।