ছয় ছাত্র হত্যা

পলাতক ৩৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:২৯
সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় ৬০ জনকে আসামি করে দেয়া অভিযোগপত্র গ্রহণ করে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক কাজী শহীদুল ইসলাম শুনানির পর অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।এ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্তি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবলু আদেশের পর সাংবাদিকদের বলেন, “আদালত এ মামলায় পলাতক ৩৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া জামিনে থাকা ১৩ আসামির মধ্যে যে ৩ জন আদালতে হাজির হননি, তাদের বিরুদ্ধেও পরোয়ানা দিয়েছেন।” তাদের গ্রেফতারি করা গেল কি না- আগামী ৭ ফেব্রুয়ারি তা আদালতকে জানাতে বলেছেন বিচারক। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী অভিযোগপত্রে আরো তিন জনকে আসামি হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। কিন্তু বিচারক শুনানি শেষে তাতে সম্মতি দেননি। এদিকে এ মামলার জেল-হাজতে থাকা দুই আসামির আইনজীবীরা জামিনের আবেদন করেন। বিচারক তা নাকচ করে দেন বলে জানান আইনজীবী বাবুল। ২০১১ সালের ৭ জুলাই রাতে আমিন বাজারের বড়দেশী গ্রামসংলগ্ন কেবলার চরে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। পরে বিচার বিভাগীয় তদন্তে আল আমিনসহ নিহত ছাত্ররা নিরপরাধ প্রমাণিত হলেও স্থানীয় বালু ব্যবসায়ী মালেক ডাকাতির অভিযোগ এনে আল আমিনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। ছয় ছাত্রকে হত্যার মামলায় গ্রেপ্তার ২৪ জনের মধ্যে ১৩ জন বিভিন্ন সময়ে জামিন নেন। বাকি ১১ জন এখনো কারাগারে আছেন।