চেক জালিয়াতির মাধ্যমে নলছিটি সোনালী ব্যাংক শাখার এক গ্রাহকের একাউন্ট থেকে তুলে নেয়া ৭০ হাজার টাকা অবশেষে ফেরত দিলেন ওই ব্যাংকের কর্মকর্তারা। জালিয়াতির ঘটনা ধামা-চাপা দেয়ার জন্য ওই গ্রাহককে ব্যাংকে ডেকে এনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বুধবার ওই টাকা ফেরত দেন তারা। জানা গেছে, সৌদি প্রবাসী বেল্লাল হোসেনের স্ত্রী হাফিজা বেগম নলছিটি সোনালী ব্যাংক শাখায় তার একাউন্ট থেকে দুই মাসে পূর্বে টাকা উত্তোলন করেন। উত্তোলনের পর তার একাউন্টে ছিল ৭৫ হাজার ৬০০ টাকা। হাফিজা ওই দিন টাকা উত্তোলনের পর ভুলে তার চেক বইটি ব্যাংকে ফেলে আসেন। চেক বইটি খুঁজে না পেয়ে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে তিনি ব্যাংকে আবেদন করে একটি নতুন চেক বই তুলে নেন। কিন্তু গত মঙ্গলবার তিনি টাকা তুলতে গেলে জালিয়াতির ঘটনাটি ধরা পড়ে। ব্যাংক কর্মকর্তারা জানান, তার একাউন্ট নাম্বার থেকে সোমবার ৭০ হাজার টাকা তুলে নেয়া হয়েছে। হাফিজা বেগম টাকা উত্তোলন করেননি বলে ব্যাংক কর্মকর্তাদের জানান। এসময় কর্মকর্তারা উল্টো তার একাউন্টে স্থিতি থাকা বাকি পাঁচ হাজার ৬০০ টাকা দিয়ে পাস ও চেক বই জোর করে রেখে দেন। বিষয়টি হাফিজা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা ম্যানেজারকে ব্যবস্থা নেয়ার জন্য বলেন। সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় বিষয়টির সমাধান হয়। সমুদয় টাকা ফেরত দেন ব্যাংক কর্মকর্তারা।
