জকিগঞ্জের ইউএনও যুবলীগের কাছে অপদস্থ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:০৭
সিলেটের জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসাকে গত বুধবার অপদস্থ করেছে তিন যুবলীগ নেতা। ইউএনও জকিগঞ্জ থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি পালন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি সনদপত্রের ফটোকপি সত্যায়িত করাতে ইউএনও টিটন খীসার কাছে গত বুধবার যান জকিগঞ্জ পৌর যুবলীগ সভাপতি আবদুস সালাম, যুবলীগ নেতা শামীম আহমদ ও আজমল হোসেন। এ সময় ইউএনও তাদেরকে একটু অপেক্ষা করতে বলেন। আর এতে রেগে যান যুবলীগের নেতারা। শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে তারা ইউএনও অফিসের ফাইলপত্র ছুঁড়ে ফেলে তছনছ করেন ও ইউএনওকে দেখে নেয়ার হুমকি দেন। রাতে এ ব্যাপারে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন ইউএনও। পুলিশ জানায়, তারা অভিযুক্তদের খুঁজছে। এ ব্যাপারে ইউএনও টিটন খীসা বলেন, হঠাত্ করে অফিসে ঢুকে ওরা হাঙ্গামা সৃষ্টি করে। অফিসের কাগজপত্র তছনছ করে। আর আমাকে হুমকি দেয়। অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা আবদুস সালাম বলেন, উপজেলা কমপ্লে¬ক্সে অন্য কোন কর্মকর্তা না থাকায় ইউএনওকে একটি ফটোকপি সত্যায়িত করার অনুরোধ করি। তিনি অনুরোধ না রাখায় তার সাথে কথা কাটাকাটি হয়। এর বেশি কিছু নয়।