শিশুদের বিনোদনের জন্য নেই কোনো ব্যবস্থা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:১৬
রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত জমজমাট আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সব বয়সী মানুষ আসছে মেলার শুরু থেকেই। অভিভাবকদের সাথে আসছে শিশুরাও। রংবেরঙে সাজানো এই মেলায় কেনাকাটা করা আর স্টল ও প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখা সবার জন্য বিনোদনের হলেও শিশুদের বিনোদনের জন্য নেই তেমন কোনো ব্যবস্থা। শিশুরা চায় বিনোদন। কিন্তু এ জন্য কোনো নির্ধারিত স্থান নেই বাণিজ্য মেলায়। ফলে মেলায় প্রবেশের পর শিশুদের মন পুষছে না। কোনো কোম্পানি আসেনি শিশুদের বিনোদনের সরঞ্জাম নিয়ে। অথচ গতবছর শিশুদের বিনোদনের জন্য আলাদা একটা জায়গা ছিল মেলায়। সেখানে শিশুদের অভিভাবকরাও সময় কাটাতে পারতেন। এবার সেই ব্যবস্থা না থাকায় মেলায় আসা শিশুদের বিরস সময় কাটাতে হচ্ছে। বেশি সময় ধরে মেলায় থাকলেই তারা কান্নায় ভেঙ্গে পড়ছে। এবারের মেলার তিনটি জায়গায় কৃত্রিম জলপ্রপাত থাকলেও তা শিশুদের মন কাড়তে পারছে না। কারণ, এগুলোর চারপাশে বড়রা ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকেন। শিশু-বিনোদনের কিছু খেলনা বিক্রি করছে গোটা বিশেক স্টল ও মিনি-প্যাভিলিয়ন। কিছু প্যাভিলিয়নে ‘কার্টুনম্যান’ সেজে শিশুদের-বিনোদনের চেষ্টাও লক্ষ্য করা গেছে। ‘কার্টুনম্যান’ শিশুদের হাতে চকলেট, চুইঙ্গাম, ললিপপ তুলে দিচ্ছেন। এভাবে চলছে পণ্য বিক্রি। মেলায় মুনস কর্নার স্টলে শিশুদের জন্য কাপড়ের তৈরি পুতুল দেখা গেল। দাম ৬০০ থেকে ৬০০০ টাকা। পণ্যপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা ছাড়ও দিচ্ছে তারা। স্টলের মালিক নিলয় বলেন, ‘আইটেমগুলো শিশুদের জন্য। অনেক শিশু হাতের তৈরি রংবেরঙের পুতুল পছন্দ করছে- বিক্রি ভালোই।’ উত্তরা থেকে সপরিবারে মেলায় আসা তাজরিন আক্তার শিপা বলেন, ‘মেলা শুরুর পর এই প্রথম এসেছি। এসে দেখলাম- এবার মেলায় শিশুদের বিনোদনের জন্য কোনো জায়গা বা সরঞ্জাম নেই। বাচ্চা কান্না শুরু করেছে বাসায় যাওয়ার জন্য। কিন্তু মেলায় এসেই বাসায় ফেরা কি সম্ভব! তাই বিভিন্ন খেলনার স্টল থেকে খেলনা কিনে দিলাম- দেখি, কান্না থামে কিনা।