আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান বিজয়ী

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:১৭
চট্টগ্রাম-১২ উপনির্বাচনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেছেন। রাত ৮টায় প্রাপ্ত সর্বশেষ বেসরকারি ফলাফলে জানা যায়, মোট ৯০টি কেন্দ্রে সাইফুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৯৬৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী গণফোরাম প্রার্থী উজ্জ্বল ভৌমিক পেয়েছেন ১৮৪৬ ভোট। মোট ৫১ দশমিক ০৪ শতাংশ ভোটার উপনির্বাচনে ভোট দিয়েছেন বলে জানানো হয়। এর আগে গতকাল শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া-কর্ণফুলি) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ও গণফোরাম প্রার্থী উজ্জ্বল ভৌমিক। উপ-নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। সকালের দিকে অনেক কেন্দ্রেই প্রিসাইডিং অফিসারসহ অন্য কর্মকর্তাদের অলস বসে থাকতে দেখা যায়। একেকজন ভোটারকে দীর্ঘ সময়ের ব্যবধানে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা যায়। নির্বাচন চলাকালে এলাকার কোথাও আইন-শৃঙ্খলা পরিপন্থি কোনো ঘটনা ঘটেনি। গণফোরাম প্রার্থীর পক্ষ থেকে একটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। জাল ভোট দানের অভিযোগে চাতরী হাইস্কুল কেন্দ্রে এক কিশোরকে আটক করা হয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরহাদ আহম্মদ খান বিকালে ইত্তেফাককে জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এলাকার সবগুলো ভোটকেন্দ্রে ভোটাররা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, র্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আন্তরিকতার পরিচয় দিয়েছেন বলে জানান তিনি। এদিকে ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শনকালে সকাল পৌনে ৯টায় পশ্চিম পটিয়া এজে চৌধুরী স্কুল কলেজ কেন্দ্রে কোনো ভোটার ছিল না। ভোট শুরুর পর প্রথম ৪৫ মিনিটে মাত্র ১২ জন ভোটার ভোট দিয়েছেন বলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান। বিলপুর কেন্দ্রের ৬ নম্বর কক্ষে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো ভোটই পড়েনি। বেলা সাড়ে ১১টায় খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন রিটার্নিং অফিসার ফরহাদ আহাম্মদ খান। ওই কেন্দ্রে প্রথম সাড়ে তিন ঘন্টায় মাত্র ২০০ ভোট পড়েছে বলে স্বীকার করেন তিনি। ভোট কম পড়ার কারণ হিসেবে তিনি শীতকে দায়ী করেন। এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রে প্রথম সাড়ে তিন ঘন্টায় ২০ শতাংশের মত ভোট পড়েছে বলে তিনি জানান। খিলপাড়া কেন্দ্রে বেলা ১১টায় ভোট দিয়েছেন অন্যতম প্রার্থী উজ্জ্বল ভৌমিক। এসময় তিনি সাংবাদিকদের জানান, বৈরাগ কেন্দ্রে তার এজেন্টদের বের করে দিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা লোকজন। তবে তিনি এজেন্টদের তালিকা দেখাতে পারেননি। প্রসঙ্গত, চট্টগ্রাম ১২ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের জন্য ৯০ জন প্রিসাইডিং অফিসার, ৬১০ জন সহকারি প্রিসাইডিং অফিসার এবং ১ হাজার ২৩০ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়। র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ডের ৩ হাজার ৩০০ সদস্য এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম ১২ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৫০ হাজার ২৫৭। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২৯৩ এবং মহিলা ভোটার ১ লাখ ২৩ হাজার ৯৬৪। মোট ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ সংখ্যা যথাক্রমে ৯০ ও ৬১৫। এদিকে, ভোট কেন্দ্রের ভেতরে ফটোসেশন করেছেন জাতীয় সংসদের ২৮৯ চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া-কর্ণফুলি) আসনের উপনির্বাচনে অন্যতম প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নির্বাচন চলাকালে হাইলধর শহীদ বশিরুজ্জামান চৌধুরী স্মৃতি শিক্ষা কেন্দ্রের একটি কক্ষে ব্যালট বাক্সের সামনে পোজ দেন তিনি। জানা গেছে, তিনি চট্টগ্রাম ১২ নির্বাচনী এলাকার ভোটার নন। গত সংসদ নির্বাচনের সময় তিনি নগরীর কোতোয়ালি এলাকার ভোটার ছিলেন। তবে ভোটার তালিকায় নাম স্থানান্তরের জন্য আবেদন করেছেন তিনি। এ ব্যাপারে জানতে চাওয়া হলে সাইফুজ্জামান চৌধুরী ইত্তেফাককে বলেন, ভোটারদের উদ্বুদ্ধ করতে মিডিয়া কর্মীদের অনুরোধে ব্যালট বাক্সের সামনে দাঁড়িয়েছিলাম। জাতীয় সংসদের ২৮৯ চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া-কর্ণফুলি) আসনের উপনির্বাচন চলাকালে এক প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গণফোরাম সমর্থিত প্রার্থী উজ্জ্বল ভৌমিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ সাইফুজ্জামান চৌধুরীর লোকজন সকাল সাড়ে ৮টায় তার এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়।