পদ্মা সেতুর সব গল্প পেছনে রেখে বিশ্ব ব্যাংকের বহুল আলোচিত কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন বিদায় নিচ্ছেন। ফেব্রুয়ারির পহেলা দিনেই তিনি ঢাকা ত্যাগ করবেন, এমন তথ্য পাওয়া গেছে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসসূত্রে। সাধারণত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টররা তিন বছরের জন্যে কোনো দেশে যান। অ্যালেন বাংলাদেশে এসেছিলেন ২০০৯ সালের ৯ নভেম্বর। সেই হিসাবে তার তিন বছর পূর্ণ হয়ে গেছে। তিনি চলে যাওয়ার পর নতুন একজন কান্ট্রি ডিরেক্টর না আসা পর্যন্ত ব্যাংকের ঢাকা অফিসে দেখাশোনা করবেন ভারপ্রাপ্ত একজন।
জানা গেছে, ব্যাংককে বিশ্বব্যাংকের সাউথ এশিয়া রিজিওনাল কো-অপারেশন নামে একটি অফিস আছে। সেই অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই বাংলাদেশ অফিসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর হিসাবে আসছেন। তার নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে তিনি ভারতীয় বলে জানা গেছে। অন্যদিকে একজন স্থায়ী কান্ট্রি ডিরেক্টর নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। নেদারল্যান্ডের অধিবাসী একজন কর্মকর্তাকে বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর হিসাবে বাংলাদেশে পাঠাতে চায়। এটি এখন অনুমোদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
সামষ্টিক অর্থনীতিবিদ অ্যালেন গোল্ডস্টেইন বাংলাদেশ ছেড়ে একই পদে ভিয়েনায় যাচ্ছেন। পূর্ব ইউরোপের দেশগুলো তার নতুন দায়িত্বের মধ্যে পড়বে। তিনি বিশ্ব ব্যাংকে যোগ দেন ১৯৮৮ সালে। বাংলাদেশে আসার আগে তিনি বিশেষ দায়িত্ব নিয়ে তিউনিসিয়ায় আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকে কর্মরত ছিলেন।
