অবশেষে অস্ত্র নিয়ন্ত্রণ নীতি ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এজন্য সামরিক ধরনের ক্ষতিকর অস্ত্র নিষিদ্ধকরণ এবং আবেদনকারীদের বৃত্তান্ত জেনে অস্ত্র বিক্রির বিধানটি পুনর্বহাল করার আহ্বান জানান ওবামা। অস্ত্র সহিংসতা কমাতে নির্বাহী কার্যক্রম ও আইনগত সুপারিশের উপর ভিত্তি করে পাঁচশ’ মিলিয়ন ডলারের একটি প্যাকেজ প্রস্তাব ঘোষণা করেন তিনি। একমাস আগে কানেকটিকাটের এলিমেন্টারি স্কুলে সন্ত্রাসীদের গুলিতে ২০ শিশু নিহত হবার পর গত বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। খবর আল জাজিরার
এ লক্ষ্যে প্রেসিডেন্ট ওবামা ২৩টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ফলে এ বিষয়ে এখন আর তাকে কংগ্রেসের অনুমোদন নেয়ার প্রয়োজন হবে না। তার এই সংস্কারকে ‘সাধারণ উপলব্দি’ উল্লেখ করে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে বন্দুকের মালিকানা থাকার ঐতিহ্যকে অন্যান্য আমেরিকানের মত আমিও শ্রদ্ধা করি। কিন্তু ‘সহিংসতার বিস্তার’ অবশ্যই বন্ধ করতে হবে। এছাড়া এ প্রস্তাব ভবিষ্যতে অস্ত্র উত্পাদন সীমিত করবে। এ লক্ষ্যে দেশটির এ্যালকোহল, টোব্যাকো,আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরোর পরিচালক হিসাবে টোড জোনসকেই বহাল রেখেছেন।
এদিকে দেশটির শীর্ষ অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠান ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন প্রেসিডেন্টের স্কুলপড়ুয়া দুই মেয়ে মালিয়া ও সাশাকে জড়িয়ে অস্ত্র নিয়ন্ত্রণবিরোধী বিজ্ঞাপন প্রচার করেছে। তবে ওবামা প্রশাসনের সাবেক প্রেস সচিব রবার্ট গিবস একে একটি বিরক্তিকর প্রচারণা বলে উল্লেখ করেন। তাছাড়া স্কুলগুলোকে নিরাপদ রাখতে এবং এ ধরনের সহিংসতা বন্ধে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে শিশুরা প্রেসিডেন্টকে চিঠি লিখে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করে বলেও ওবামা সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
