গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে উত্তপ্ত দার্জিলিং

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২০
পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে ফের উত্তপ্ত দার্জিলিং। পাশাপাশি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল মমতা ব্যানার্জির তৃণমূল সরকার যে ‘গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) তৈরির ঘোষণা করেছিল তা অবৈধ। এই সিদ্ধান্তে বিপাকে মমতা ব্যানার্জি পরিচালিত পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। বৃহস্পতিবার হাইকোর্ট সাবেক গোর্খা নেতা সুবাস ঘিষিংয়ের আবেদনের প্রেক্ষিতে জানায়, জিটিএ গঠন অবৈধ। এক্ষেত্রে সংবিধান সংশোধন করা জরুরি। ইউপিএ-২ সরকার জানিয়েছে, জিটিএ গঠন হয়েছে আইন মেনেই। এরপর হাইকোর্ট বলেছে সংবিধান সংশোধনও জরুরি। না হলে দার্জিলিংয়ের জন্য গঠিত আইন অবৈধ হবে। এরপরই দার্জিলিংয়ের পথে নেমে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়েছেন কয়েক হাজার মানুষ। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে গোর্খা জনমুক্তি মোর্চ নেতা রোশন গিরি জানান, তাদের পৃথক গোর্খাল্যান্ড রাজ্য দিতে হবে। এই দাবিতে ২০ জানুয়ারি তারা আন্দোলন শুরু করবেন। ঐদিন জনসভা হবে। কিন্তু হাইকোর্টের সিদ্ধান্তের পর বৃহস্পতিবারই শুরু হয়ে গেল আন্দোলন। উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় এসেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিটিএ গঠন করেন। ভোটে জিতে দার্জিলিংয়ে ক্ষমতায় আসে গোর্খা জনমুক্তি মোর্চা। সেই থেকে দার্জিলিং আপাত শান্তই ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে দার্জিলিং আবার সরব গোর্খাল্যান্ডের দাবিতে। এদিনের হাইকোর্টের রায়ে এই দাবি আরও জোরালো হলো। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিপাকে শাসক দল তৃণমূল।