পাকিস্তানের জাতীয় জবাবদিহি দপ্তর (এনএবি) সুপ্রিম কোর্টকে জানিয়েছে, প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে গ্রেফতারে যথেষ্ট তথ্য প্রমাণ তাদের হাতে নেই। তাই ভাড়াভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র মামলায় প্রধানমন্ত্রীকে গ্রেফতারে অস্বীকৃতি জানান। এরপর সুপ্রিম কোর্ট আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত মামলার শুনানি স্থগিত করে। খবর এনডিটিভির। প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরী গত মঙ্গলবার দুর্নীতির অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ ১৬ জনকে গ্রেফতারের নির্দেশ দেন। এদের কেউ দেশত্যাগ করলে এর জন্য এনএবি’র চেয়ারম্যান ও তার তদন্তকারী দলের সদস্যরা দায়ী থাকবেন বলেও তিনি রুল জারি করেন। রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে অভিযোগ, ২০১০ সালে পানি ও বিদ্যুত্ মন্ত্রী থাকাকালে তিনি বিদ্যুত্ উত্পাদন প্রকল্পের জন্য ঘুষ নিয়েছিলেন। তার সঙ্গে আরও ১৫ জনের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়। এনএবি’র চেয়ারম্যান ফসিহ বোখারি গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরীকে জানান, ২০১০ সালে বিদ্যুত্ প্রকল্প নিয়ে তদন্ত এখনও শেষ হয়নি, প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ প্রকল্পে দুর্নীতির জন্য অভিযুক্তদের আইনের আওতায় আনার মত যথেষ্ট তথ্য-প্রমাণ তাদের হাতে নেই। তবে প্রধান বিচারপতি এনএবি’র প্রতিবেদন যথাযথ নয় অসন্তোষ প্রকাশ করে প্রত্যাখ্যান করেন এবং পরবর্তী শুনানির দিন মামলার অগ্রগতি প্রতিবেদন আদালতে দেয়ার নির্দেশ দেন। অভিযুক্তদের বিরুদ্ধে আদালতের নির্দেশ কেন বাস্তবায়ন করা হয়নি সেই বিষয়ে প্রধান বিচারপতি বোখারির কাছে জানতে চান।
