আসুন, এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করি :তরিকুল

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২২
‘বর্তমান সরকার গণতন্ত্রকে খাঁচায় বন্দী করে ফেলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং নিরাপত্তাহীনতায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আসুন, এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করি।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে কৃষক দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম এই আহ্বান জানান। লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তরিকুল ইসলাম বলেন, ‘১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পেপার স্প্রে (মরিচের গুঁড়া) ব্যবহারের কারণে দুইজনের মৃত্যু হয় এবং জীবনের আশঙ্কা তৈরি হয় ২১ জনের। পশ্চিমা বিশ্বে কুকুর ও হিংস্র পশুকে ঘায়েল করতে এই স্প্রে ব্যবহার করা হয়। আর আমাদের এখানে শিক্ষক এবং রাজনৈতিক নেতা-কর্মী-সমর্থকদের ওপর এর প্রয়োগ ঘটছে। এ ধরনের স্প্রে ব্যবহারের অনুমতি দেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হওয়া উচিত।’ তরিকুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাবন্দী রাখার জন্য আরও মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এভাবে মামলা ও গ্রেপ্তার করে, এমনকি সব নেতা-কর্মীকে জেলে নিলেও আন্দোলন থামবে না। আলোচনা সভায় জিয়াউর রহমানকে ‘ক্ষণজন্মা ব্যক্তিত্ব’ উল্লেখ করে তার আদর্শ অনুসরণের জন্য তরিকুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল এবং কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম প্রমুখ বক্তব্য দেন।